রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন দুর্ঘটনা: আরো ৩৪ পরিবারকে চেক দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৬:৪৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা ভবন ধস এবং তাজিরিন ফ্যাশনে আগুনে নিহত আরো ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক ও সঞ্চয়পত্র প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বুধবার সকালে তার তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠানে তার ত্রাণ ও ক্যল্যাণ তহবিল থেকে এই সহায়তা চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেন।
তিনি প্রথমে রানা প্লাজায় নিহত ২২ জনের প্রত্যেক পরিবারকে ২ থেকে ১০ লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র দেন। এরপর তাজরীনের অগ্নিকাণ্ডে নিহত ১২ জনের প্রত্যেক পরিবারের হাতে ৭ লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের যোগান দেয়া ৫০ লাখ টাকা ব্যয়ে তাজরীন ফ্যাশনের দুর্ঘটনায় নিহত এ ১২ জনের লাশ সনাক্ত করা হয়।
দুর্ঘটনা দু’টিতে নিহত ব্যক্তিদের সন্তান, স্ত্রী ও পিতা-মাতা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সহায়তার চেক ও সঞ্চয়পত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও তাদের কুশল জিজ্ঞাসা করেন। এসময় তিনি তাৎক্ষণিকভাবে এক দুর্ঘটনায় আহত একজনকে হুইল চেয়ার প্রদান করেন।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু. প্রেস সচিব একেএম শামীম চৌধুরী ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, রানা প্লাজা দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত ২২ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৭২০ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সাভারে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন নিহত হন। ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১১ জন নিহত হন। খবর বাসস