হরতালে মহাসড়কে গাড়ি চলাচলের ঘোষণা পরিবহন সমিতির

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ২০:১৩
 
মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা বৃহস্পতি, রবি, সোম— তিন দিন হরতালকালে মহাসড়ক, ঢাকা এবং আশপাশ এলাকায় গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। একইভাবে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতিও অনুরূপ ঘোষণা দিয়েছে।
বুধবার ঢাকা সড়ক পরিবহন সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন— উচ্চ আদালতের বিরুদ্ধে হরতাল আহ্বান করা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আদালত অবমাননার শামিল। হরতাল-অবরোধের কারণে দেশব্যাপী সড়ক পরিবহন সেক্টরের মালিকেরা আজ নানা সংকটের সম্মুখীন। জন-বিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। মালিক-শ্রমিকরা জামায়াতের ডাকা বৃহস্পতি, রবি ও সোমবারের হরতাল ছলাকালে ঢাকার আশ-পাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া গেলে আন্তজেলা রুটের গাড়িগুলো চলাচল করবে।
অপর দিকে, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রোস্তম আলী খান জানিয়েছেন— জামায়াতের ডাকা এ হরতাল আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি। আমরা গাড়ির চাকা সচল রাখব। পাশাপাশি গাড়ি চলাচলে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে সে জন্য ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে পরিবহন সংগঠনগুলো।