জামায়াতে ইসলামীর হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার, রোববার ও সোমবারের পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে। অন্যান্য পরীক্ষাগুলোর তারিখ অপরিবর্তিত থাকবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত তারিখ ও সময় যথাশিগরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd or www.nubd.info) ও সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত অন্যন্য সকল পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।
বুধবার ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের ‘জি’ ইউনিটের (প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা পরদিন শুক্রবার নেওয়া হবে।
এছাড়া ২ নভেম্বর ‘ই’ ইউনিটের (আইন অনুষদ) পরীক্ষা ৪ নভেম্বর এবং ৩ নভেম্বরের ‘বি-২ থেকে ‘বি-৭ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষা ৬ নভেম্বর হবে।
অন্যদিকে জেএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
