ব্যাংক কেলেঙ্কারি: হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠনের সুপারিশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ২২:০৪
 
বিভিন্ন ব্যাংকে আর্থিক অনিয়ম-দুর্নীতির মামলাসমূহ দ্রুত শেষ করার লক্ষ্যে হাইকোর্টে একটি বেঞ্চ গঠনের বিষয়ে পদক্ষেপ নিতে সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়েছে। বেসিক ব্যাংকের সকল খেলাপি ঋণ সনাক্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া ব্যাংকগুলোর নিজস্ব আইন ও বিধির মাধ্যমে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। কেলেঙ্কারি ও অনিয়ম রোধে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসমূহের সুশাসন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য অডিট ও মনিটরিং কার্যক্রম জোরদার করার ওপর সংসদীয় কমিটি গুরুত্বারোপ করেছে।
কমিটি খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা এবং ব্যাংকগুলোর ব্যবস্থাপনার মান বৃদ্ধি ও কার্য দক্ষতার ওপরও জোর দেয়। গতকালের বৈঠকে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসমূহ পরিচালনার ক্ষেত্রে সৃষ্ট সমস্যা ও চলমান কার্যক্রম এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নির্ধারিত বর্তমান সুদের হার সম্পর্কে আলোচনা করা হয়। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ঋণ প্রদানে সুদের হার হ্রাস, কৃষি নির্ভর শিল্পের জন্য প্রয়োজনীয় ভর্তুকি প্রদান ও ঋণ প্রদানে সুদের হার কমানো এবং রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে বিনিয়োগ বান্ধব করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া বৈঠকে ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিল, ২০১৪’ নিয়েও আলোচনা হয়।
কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রতিমন্ত্রী এম এ মান্নান, টিপু মুনিশ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান চৌধুরী অংশ নেন।