রায়ে সন্তোষ ১৪ দল, নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে নেতাকর্মীরা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ২২:১২
 
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃতুদন্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
 বুধবার রায় ঘোষণার পর ক্ষমতাসীন এ জোটের নেতৃবৃন্দ ইত্তেফাককে দেয়া প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। লাখো শহীদের আত্মা শান্তি পেয়েছে। জনগণের প্রত্যাশিত রায় জাতিকে কলঙ্কমুক্ত করার পথে আরেক ধাপ এগিয়ে গেল।
হরতালের নামে নৈরাজ্য প্রতিরোধে আইন-শৃঙ্খলা-বাহিনীকে সহায়তা করতে আজ বৃহস্পতিবার ভোর থেকে রাজপথে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের মাধ্যমে সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে।
এদিকে মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতিপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, মতিউর রহমান নিজামীর রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। গোটা দেশবাসী আনন্দিত।
জামায়াতে ডাকা হরতাল প্রসঙ্গে মাহবুব-উল-আলম হানিফ বলেন, খালেদা জিয়া জামায়াতের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নাটোরের বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত করেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নিজামীর রায়ে আমরা সন্তুষ্ট। তার ফাঁসির রায় হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যৌক্তিক কারণেই নিজামীর রায়ের তারিখ দুইবার পেছানো হয়েছে। আর আজকের (বুধবারের) রায়ে প্রমাণিত হয়েছে জামায়াতের সাথে সরকারের কোনো আঁতাত হয়নি।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।