রায়ে গণজাগরণের আনন্দ, হরতাল বিরোধী মিছিলের ঘোষণা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ২২:৩৭
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির ফাঁসির রায় ঘোষণায় সন্তুষ্টি জানিয়ে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের দুই অংশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফাঁসির রায়ের সংবাদ এসে পৌঁছলে দুই পক্ষই আনন্দ প্রকাশ করেন। একে অপরের সাথে করমর্দন করেন। পৃথকভাবে তারা আনন্দ মিছিল করেন। একই সময় শাহবাগে পৃথক ব্যানারে আনন্দ মিছিল করে জাসদ ছাত্রলীগ ও অপরাজেয় বাংলাদেশ নামে একটি সংগঠন। সকাল ১০ থেকেই তারা শাহবাগে অবস্থান করছিলেন।
শাহবাগ থেকে প্রথম আনন্দ মিছিল বের করে গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরী সমর্থক অংশ। এ মিছিলে ছাত্রলীগ এবং শাহবাগ আন্দোলন ব্যানারের নেতা-কর্মীরাও অংশ নেন। পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন অংশ আরেকটি মিছিল বের করেন। এ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে শাহবাগে এসে শেষ হয়।
ইমরান এইচ সরকার বলেন, এ রায় প্রত্যাশিত ছিল। মুক্তিযুদ্ধ চলাকালে নিজামী বাংলাদেশের শুধু বিরোধীতাই করেননি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর নির্যাতনেও নেতৃত্ব দিয়েছেন। আপামর জনতার সাথে গণজাগরণ মঞ্চও এ রায়ে আনন্দিত।
 এদিকে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে হরতাল বিরোধী মিছিলের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার, রবিবার ও সোমবার সকাল দশটায় শাহবাগ থেকে হরতাল বিরোধী মিছিল করবে মঞ্চ।
এছাড়া হরতালের কারণে জাগরণ যাত্রার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় শাহবাগ থেকে যাত্রা করবে মঞ্চ। ঝিনাইদহে জনসভা অনুষ্ঠিত হবে বিকেল ৩ টায়। চুয়াডাঙ্গাতে পথসভা বিকেল ০৪:৩০ মিনিটে। মেহেরপুরে জনসভা সন্ধ্যা ছয়টায়। শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ায় জনসভা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় রাজশাহীতে পথসভা।