যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্স সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, বাণিজ্য উদারীকরণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্বের ৪৪টি দেশের ওপর সমপ্রতি এক গবেষণার এ তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। গবেষণায় দেখা যায়, বাংলাদেশ মুক্ত বাজার ও বাণিজ্যের জন্য সহায়ক শক্তি হিসাবে এগিয়ে এসেছে। জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ মানুষ মনে করে বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ উদারীকরণের জন্য সহায়ক। সেজন্য বাংলাদেশ এখন বিনোয়াগকারীদের স্বর্গরাজ্য। বাণিজ্য উদারীকরণের জন্য শীর্ষস্থানে রয়েছে ভিয়েতনাম। আর বাংলাদেশের পরের তিনটি দেশ হলো দক্ষিণ কোরিয়া, চীন ও আফ্রিকার দেশ ঘানা।
পিউ রিসার্স সেন্টারের জরিপ অনুযায়ী, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিকে দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে বাংলাদেশের মানুষ সবচেয়ে ইতিবাচক হিসেবে দেখে। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিকে জরিপে অংশগ্রহণকারী ৯১ শতাংশ বাংলাদেশি ভালো বলে মনে করছে। ভারত ও পাকিস্তানে এটি যথাক্রমে ৭৬ শতাংশ ও ৭০ শতাংশ। অন্যদিকে বাণিজ্য বাড়লে মজুরি বাড়বে বলে মনে করে ৭৮ শতাংশ বাংলাদেশি। এটি ভারতে ৪৯ শতাংশ ও পাকিস্তানে ৪৮ শতাংশ। বিদেশী বিনিয়োগকারী কর্তৃক স্থানীয় কোম্পানি কিনে নেয়াকে ইতিবাচক হিসেবে দেখার ক্ষেত্রেও ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ ধরণের পদক্ষেপকে বাংলাদেশের ৬৯ শতাংশ মানুষ ভালো বলে মনে করছে। অন্যদিকে ভারতে এই হার ৫৬ শতাংশ ও পাকিস্তানে ৪৩ শতাংশ।
