প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা ভবন ধস এবং তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহত আরো ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক ও সঞ্চয়পত্র প্রদান করেছেন। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের সন্তান, স্ত্রী ও পিতা-মাতা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সহায়তার চেক ও সঞ্চয়পত্র গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী প্রথমে রানা প্লাজায় নিহত ২২ জনের প্রত্যেক পরিবারকে ২ থেকে ১০ লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র দেন। এরপর তাজরীনের অগ্নিকাণ্ডে নিহত ১২ জনের প্রত্যেক পরিবারের হাতে ৭ লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের যোগান দেয়া ৫০ লাখ টাকা ব্যয়ে তাজরীন ফ্যাশনের দুর্ঘটনায় নিহত এ ১২ জনের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও তাদের কুশল জিজ্ঞাসা করেন।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেস সচিব একেএম শামীম চৌধুরী ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজ প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ থেকে ২৭ অক্টোবর ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের প্রশাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত সফর করেন।
