মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা তিন দিনের হরতাল মানবে না পরিবহন মালিক ও শ্রমিকরা। হরতাল প্রত্যাখ্যান করে মহাসড়ক, ঢাকা এবং আশপাশের এলাকায় গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। এদিকে মহাসড়ক সচল ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কঠোর হাতে নাশকতা দমনের ঘোষণা দিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া বলেন, মহাসড়ক সচল রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রো পুলিশ, আমর্ড পুলিশের সমন্বয় টিম গঠন করা হয়েছে যাতে কোন অবস্থায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পরে। তিনি বলেন, অতীত অভিজ্ঞতার আলোকেই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোটা বিষয়টি কঠোরভাবে নজরদারির মধ্যে রাখা হবে। এছাড়া স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কেউ যানবাহনে চোরাগোপ্তা হামলা, ভংচুর বা অগ্নিসংযোগ করতে না পারে।
