শ্রীলঙ্কায় ভূমিধসে নিহত ১০০

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১২:৫০
 
দক্ষিণ-মধ্য শ্রীলঙ্কায় ভূমিধসের কাদা ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের মধ্যে আর কারো বাঁচার আশা নেই বলে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মাহিন্দা অমরাউয়িরা। এ ঘটনায় ১০০ জন মারা গেছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদেন এই তথ্য জানানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মাহিন্দা অমরাউয়িরা রয়টার্সকে জানিয়েছেন, আমার মনে হয় না ধ্বংস স্তুপের মধ্যে আর কেউ বেঁচে আছেন।
রাজধানী কলম্বো থেকে ১৯০ কিমি পূর্বে চা-বাগানের ভিতরে অবস্থিত গ্রাম হালদুম্মুল্লায় বুধবার ভূমিধসের এ ঘটনা ঘটে। 
আগের রাতে নিহতের সংখ্যা ৩০০ জনের মতো হতে পারে বলা হলেও অমরাউয়িরা সেই সংখ্যা কমিয়ে ১০০ জনের মতো মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, দুর্ঘটনার সময় কিছু শিশু ও কিছু চা শ্রমিক তাদের বাড়িতে ছিল না।
কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে তিন কিমি লম্বা গ্রামটি সম্পূর্ণ চাপা পড়ে। এখানে ১৫০টির মতো বাড়িঘর ছিল।