আত্মসমর্পণ করে জামিন পেলেন সালাউদ্দিনের স্ত্রী-ছেলে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ২০:১২
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার স্ত্রী ও ছেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।বৃহস্পতিবার সকালে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন ফারহাত কাদের চৌধুরী ও তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। 
দুপুরে শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম শামসুল আলম এক লাখ টাকার মুচলেকায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 
গত ২৮ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাতজনের বিরুদ্ধে এই মামলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহাজাহান হোসেন।
এই মামলার বাকি পাঁচ আসামি হলেন - সালাউদ্দিন কাদের  চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম, ফখরুলের সহকারী মেহেদী হাসান, সালাউদ্দিন কাদেরের ম্যানেজার মাহবুবুল আহসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গতবছর ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তবে রায়ের আগেই বিএনপি নেতার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের সামনে ওয়েবসাইট থেকে সংগৃহীত রায়ের কপি সংবাদকর্মীদের দেখান। এরপর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৪, ৫৭ ও ৬৩ ধারায় শাহবাগ থানায় মামলা করেন।