ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযানের’ ডাকে সাড়া দিয়ে এবার ঝাড়ু হাতে নিলেন বিগ বি অমিতাভ বচ্চন। বুধবার মুম্বাইয়ের একটি রাস্তায় ঝাড়ু হাতে নামেন এই বলিউড তারকা।
‘কৌন বনেগা ক্রোড়পতির’ (কেবিসি) গ্র্যান্ড ফিন্যালের শুটিংয়ের কিছু সময় আগে পুরো ইউনিটকে সাথে নিয়ে একসাথে ঝাড়– হাতে রাস্তায় নামেন অমিতাভ। ঝাড়– দেয়া ছাড়াও রাস্তার পাশে পড়ে থাকা ময়লা- আবর্জনা তুলে ডাস্টবিনে রেখেছেন তিনি। এরপর নিজের টুইটার অ্যাকাউন্টে এর ছবিও পোস্ট করেছেন তিনি।
টুইটার বার্তায় তিনি বলেন, ফাইনালের আগে এটা ছিল স্বচ্ছ ভারত অভিযান। রাস্তায় যাওয়া, ঝাড়– দেয়া ও ময়লা ডাস্টবিনে ফেলা। টুইটার বার্তায় সবাইয়ে এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
গত ২ অক্টোবর পরিচ্ছন্ন ভারত নির্মাণ অভিযানের সূচনা করেন নরেন্দ্র মোদি। তার এ উদ্যোগ সাড়া দিয়ে ঝাড়– হাতে রাস্তায় নামেন সালমান খান, নাগার্জুন ও হৃতিক রোশনের মতো তারকারা।
অভিযানের সূচনা করে নরেন্দ্র মোদি প্রাথমিকভাবে শচিন টেন্ডুলকার, শশী থারুর, প্রিয়াংকা চোপড়া, সালমান খান ও কমল হাসানকে প্রচারণার জন্য মনোনীত করেন। একইসঙ্গে এদের প্রত্যেককে পর্যায়ক্রমে আরও নয় ব্যক্তিকে মনোনীত করার আহ্বান জানান। প্রচারণার অংশগ্রহণের জন্য অমিতাভকে মনোনীত করেন শিল্পপতি অনিল আম্বানি। সূত্র: ইন্ডিয়া টুডে।
