২০১৭ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যবহার হবে : ওবায়দুল

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৭:৩৪
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২০১৭ সালে জনগণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুবিধা ভোগ করতে পারবেন। আজ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হলো। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রয়োজনীয় ফান্ডের কোনো সমস্যা নেই। মোবিলাইজেশনের কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে মোবিলাইজেশন সম্পন্ন হবে বলে আশা করা যায়।
বৃহস্পিতবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের চলমান নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।
প্রায় ৯ হাজার কোটি টাকা (৮৯৪০.১৮ কোটি) ব্যয়ে ৪৬.৭৩ কিমি. (মেইন লাইন ১৯.৭৩ কিমি. এবং ২৭ কিমি. র‌্যাম্পসহ) দীর্ঘ (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ি হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে।