বিএনপিকে গোলাম আযমপুত্রের চ্যালেঞ্জ, সাঈদীপুত্রের ধিক্কার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ২০:৩৭
 
জামায়াতকে বাদ দিয়ে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না বলে চ্যালেঞ্জ করেছেন গোলাম আযমের ছোট ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমিরের মৃত্যুতে নীরব থাকায় বিএনপিকে অকৃতজ্ঞও বলেছেন তিনি। আযমী এমন মন্তব্য করেছেন তার ফেসবুক পাতায় বুধবার প্রকাশিত এক স্ট্যাটাসে।
‘তারেক’র নির্দেশে আযমের জানাজা বর্জন করল বিএনপি’ শিরোনামের একটি খবরের লিংক দিয়ে তিনি বলেছেন,‘কেউ কি আমাকে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারবেন?’
এরপর আমান আযমী বলেছেন-প্রফেসর গোলাম আযমের পরলোক গমনে বিএনপির নীরবতায় গোটা জাতি হতভম্ব। যদিও সারা বিশ্বই শোকাহত। আমি ঠিক জানি না কেন!!বিএনপি যে জামায়াতকে ছাড়া কখনোই সরকার গঠন করতে পারবে না এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো- এই দলের প্রতিষ্ঠাতা আমির এবং মৃত্যুর আগে পর্যন্ত আধ্যাত্মিক গুরুর মৃত্যুতে তাদের নীরবতা অত্যন্ত অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য! জামায়াতের সমর্থন ছাড়া তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না- একথাটা যদি বিএনপি স্মরণে রাখে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে। এটা আমার ‘প্রকাশ্য চ্যালেঞ্জ’। এরা কতো অকৃতজ্ঞ হতে পারে!!!
 
’জামায়াত ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত
কোনো দল নয়’ : মাসুদ সাঈদী
 
এদিকে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী 'জামায়াত ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত কোনো দল নয়!' শিরোনামে ২৬ অক্টোবরের ফেসবুক স্ট্যাটাসে বলেন,“ভাষা আন্দোলন, কেয়ারটেকার আন্দোলন ও ২০ দলীয় জোটের (সে সময়ের ৪ দলীয় ঐক্যজোট) রূপকার অধ্যাপক গোলাম আযমের মৃত্যু থেকে দাফন পর্যন্ত সুপার গ্লু মুখে এঁটে নাকে খাঁটি সরিষার তেল আর কাশ্মীরী কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকা বিএনপির অবস্থা পর্যবেক্ষণ করলে আপনাকে এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতেই হবে। ইন্না-লিল্লাহ না বলুক অন্তত ঘৃণা বা ধিক্কার জানিয়ে অথবা খুশি হয়েছে বলেও তারা একটি বিবৃতি দেওয়ার মতো সাহস/দুঃসাহস/হিম্মত/ক্ষমতাও হারিয়ে ফেলেছে।”
এদিকে মাসুদ সাঈদী পরে অপর স্ট্যটাসে এই স্ট্যাটাস প্রসঙ্গে বলেছেন,
আমার শেয়ার করা স্টেটাসটি ছিল সম্পূর্ণই আবেগ নির্ভর। স্ট্যাটাসটি ছিল ক্ষোভের, অভিমানের। জামায়াতের ২০ দলীয় জোটে থাকা না থাকা মাসুদ সাঈদীর স্টেটাসের ওপর নির্ভর করে না। স্ট্যাটাসটিতে 'জামায়াত ২০ দলীয় জোটে নেই' এটি বলা হয়নি বরং 'জামায়াত ২০ দলীয় জোটের শরিক কি না' সেটি বিএনপির কাছে জানতে চাওয়া হয়েছে।”