খালেদা জিয়ার মুভমেন্ট জাস্ট বোগাস: অর্থমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ২০:৫৯
 
 
 
 
দেশে অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক কোনো অনিশ্চয়তা নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘দেয়ার ইজ নো আনসারটেইনিটি। দেশে একটি সরকার রয়েছে। খালেদা জিয়ার মুভমেন্ট জাস্ট বোগাস। বক্তৃতা চলছে, চলবে।’ সরকার ভালো কাজ করছে বলে দাবি করেন তিনি। সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। অভ্যন্তরীণ বিনিয়োগ কম হচ্ছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি জানি না কী কারণে বিনিয়োগ কম হচ্ছে। তবে আমার ধারণা— কেউ কেউ অনিশ্চয়তা রয়েছে বলে মনে করতে পারে।’
দেশে নির্বাচন-পরবর্তী তেমন কোনো রাজনৈতিক অস্থিরতা না থাকলেও ব্যবসায়ীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা কাজ করছে— এমন কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী এ ধরনের মন্তব্য করেন। বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা বের করা খুব কঠিন। আইনের কিছু ফাঁকফোকর ছিল। তবে ওইগুলো শুদ্ধ করার ব্যবস্থা নেয়া হয়েছে।’
আইএফসির সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিদ্যুত্, রেলওয়ে খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ার প্রতি আইএফসি জোর দিয়েছে। তারা বলেছে— রেলে কোনো বেসরকারি বিনিয়োগ নেই। অথচ স্থাবর সম্পত্তি আছে যথেষ্ট। এ সব সম্পত্তি রক্ষার দায়িত্ব বেসরকারি খাতে ছাড়া যায়। জুট গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, পাট রফতানির ক্ষেত্রে মিলগুলো ১০ শতাংশ প্রণোদনা পেয়ে আসছে। আর এ খাতে আমাদের অবদান ৬০ শতাংশ হলেও কোনো নগদ সহায়তা পাচ্ছি না।’