এক পরিবারে দুয়ের অধিক পরিচালক

প্রিমিয়ার ব্যাংকের দুপরিচালকের পদত্যাগ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ২০:৫৮
 
কোনো ব্যাংকে এক পরিবার থেকে দু’য়ের বেশি পরিচালক থাকতে পারেন না। সে আলোকে বাংলাদেশ ব্যাংকের চিঠির প্রেক্ষিতে প্রিমিয়ার ব্যাংকের দুই পরিচালক পদত্যাগ করেছেন। তবে ন্যাশনাল ও সিটি ব্যাংক ‘এক পরিবার’ সংক্রান্ত একটি নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেছে। তাত্ক্ষণিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে ব্যাংক দু’টির ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, এমনই আভাস পাওয়া গেছে।
এক পরিবারে দুয়ের অধিক পরিচালক বিষয়ে সংশোধিত ব্যাংক-কোম্পানি আইন অমান্য করায় বেসরকারি খাতের চার ব্যাংককে চিঠি দেয়া হয়। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন পরিচালক পদত্যাগ করেন। অন্য তিন ব্যাংককে বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমায় এক পরিবারের পরিচালক নামিয়ে আনার চূড়ান্ত সময় দেয়া হয়েছিল।
সূত্র জানায়, কোনো ব্যাংকে এক পরিবার থেকে দুজনের বেশি সদস্য একই সময় পরিচালক হিসেবে থাকতে পারবেন না— এ বিধান রেখে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের গেজেট প্রকাশ হয় গত বছরের ২২ জুলাই। তবে আইন পরিপালনের লক্ষ্যে এক বছরের জন্য ব্যাংকগুলোকে ছাড় দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সময়সীমা শেষ হলেও চারটি ব্যাংক এক পরিবারের দু’জন পরিচালকে নামিয়ে আনেনি। এ প্রেক্ষিতে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়। গত ১২ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের চিঠি পাওয়ার দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাইফুল আলম (এস আলম) পরিবারের তিন সদস্যের একজন পদত্যাগ করেন। পদত্যাগ করা পরিচালক হলেন, এস আলমের ছেলে আহসানুল আলম।
আইন পরিপালনে অন্য তিনটি ব্যাংককে ৩০ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। গতকাল প্রিমিয়ার ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মঈন ইকবাল ও পরিচালক নাওরিন ইকবালের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছে ব্যাংকটি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল ব্যাংকের চেয়ারম্যান পদ ধরে রেখেছেন। এ পরিবারে অন্য আরেকজন পরিচালক হিসেবে রয়েছেন, তাঁর ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকে দুই পরিবার থেকে ৯ জন, ন্যাশনাল ব্যাংকে এক পরিবারের পাঁচজন পরিচালক রয়েছেন। সিটি ব্যাংকের পর্ষদে একটি পরিবার থেকে থাকা পাঁচ সদস্য হলেন- রুবেল আজিজ, আজিজ আল কায়সার, তাবাসসুম কায়সার, আজিজ আল মাহমুদ এবং সাইয়েদা সায়রিন আজিজ। এছাড়া ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক দীন মোহাম্মাদের পরিবারের চারজন বর্তমানে পরিচালক রয়েছেন।
ন্যাশনাল ব্যাংকে একই পরিবার থেকে থাকা ৫ পরিচালক হলেন- ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার, তার স্ত্রী মনোয়ারা শিকদার, মেয়ে পারভিন হক শিকদার, ছেলে রিক হক শিকদার ও রণ হক শিকদার।