শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার শুভ পক্ষে ‘কুমিল্লা চিরকুমার সমিতির সাবেক উপদেষ্টা’ রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাদজুম্মা কনে রিক্তার গ্রামের বাড়ি চান্দিনার মীরাখলা গ্রামে জাকজমক পূর্ণ পরিবেশে সম্পন্ন হবে উভয়ের শুভ পরিণয়। বিবাহ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বর যাত্রীদের আপ্যায়নসহ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে কনে রিক্তার পরিবার। দুপুরে রাজধানী ঢাকার মন্ত্রীর বাসভবন থেকে রওনা হবেন বরযাত্রী। পথেই নামাজ আদায় করবেন তারা। এছাড়া মন্ত্রীর নিজ গ্রাম ও উপজেলা চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থান থেকে বরযাত্রীরা বরের সাথে মিলিত হবেন চান্দিনার কুটুম্বপুর থেকে। সেখান থেকে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন সকলে।
IMG0
একদিকে মন্ত্রীর, অপরদিকে কুমিল্লার আওয়ামী সমর্থিত সকলের ‘প্রিয় মুজিব ভাই’ এর বিয়ে। তার সাথে যুক্ত হয়েছে যে ব্যক্তিটি জনগণের সেবায় সারা জীবন ডুবে থেকে কুমিল্লার ‘চির কুমার সমিতির উপদেষ্টা পদ’ লাভ করেছেন সেই ব্যক্তিটিই আজ ঘটা করে বিয়ে করছেন তাও আবার নিজের বয়সের চেয়ে প্রায় ৩৭ বছরের ছোট কনেকে।
বর বেশে কেমন দেখা যাবে ৬৭ বছর বয়সী এই বরকে? মন্ত্রী বিয়ে করছে চান্দিনায়! মন্ত্রীর বিয়ে ৮/১০টা বিয়ের মত হবে হবে কি-না? বিয়ে করতে মন্ত্রী কি যোগে আসবেন? মন্ত্রীর বিয়ের আয়োজন কেমন করা হয়েছে? মন্ত্রীর বিয়েতে বরযাত্রী কারা আসবে? ব্যতিক্রম কি থাকবে? নানা জল্পনা-কল্পনা চলছে এখন চান্দিনা উপজেলাতথা সমস্ত কুমিল্লাবাসীর মন জুড়ে। তাই চান্দিনা উপজেলার আনাচে-কানাচে থেকে শুরু করে সমস্ত জেলার বিভিন্ন স্থানের রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমজীবি থেকে শুরু করে সাধারণ পথচারীও শুক্রবার কনে রিক্তার বাড়ির বিবাহ বাসরে উপস্থিত হতে দেখা যাবে। তাদের অধিকাংশেরই কোন নিমন্ত্রণ পত্র দেয়নি বর বা কনে পক্ষ।
IMG1
কনের খালাতো ভাই লুত্ফুর রেজা খোকন জানান, মন্ত্রীর বিয়ে উপলক্ষে বাড়তি মানুষের চাপ থাকবে এটাই স্বাভাবিক। তবে সেটা আমরা মাথায় রেখেই সকল প্রস্তুতি নিয়েছি।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, মন্ত্রী মহোদয়ের বিবাহ কার্য সম্পন্ন করতে কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি। শুক্রবার সকাল থেকে রাত অবধি ৫০-৬০ সদস্যের পুলিশ টিম একযোগে কাজ করবে।
