লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে সরকারি খরচ কমানোর অঙ্গিকার করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই অঙ্গিকার রক্ষা করলেন তিনি। সরকারের কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে তিনি তার মন্ত্রী এবং আমলাদের পাঁচ তারকা হোটেলে বৈঠক এবং প্রথম শ্রেণীর বিমান ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সরকার এই কৃচ্ছ্রতা ঘোষণা করেন। দেশটির অর্থমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভি ও জি নিউজের।
প্রধানমন্ত্রী মোদী তার মন্ত্রী এবং আমলাদের প্রতি আহবান জানিয়েছেন, তারা যেন তাদের স্ত্রীদের বিমান ভাড়া নিজ থেকেই পরিশোধ করেন। প্রথম শ্রেণীর বিমান ভ্রমণে এই নিষেধাজ্ঞার ফলে একটি ফ্লাইটে দুই লাখ রুপি খরচ কম হবে। এছাড়া দেশে কিংবা বিদেশে কোনো সঙ্গীর বিমান টিকেট ফ্রি দেয়া হবে না। ঘোষিত পদক্ষেপ বাস্তবায়ন করা হলে আগামী মার্চ পর্যন্ত সরকারের খরচের ১০ শতাংশ হ্রাস করা সম্ভব হবে। চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪ দশমিক ১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। মন্ত্রীদেরকে যতোদূর সম্ভব ভিডিও কনফারেন্সিং করার পরামর্শ দেয়া হয়েছে। অর্থমন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর অভিযানের জন্য নতুন যানবাহন ছাড়া অন্যসব যানবাহন ক্রয় নিষিদ্ধ থাকবে। মন্ত্রীরা নতুন গাড়ি কিনতে পারবেন না। খরচ কমানোর ফলে যে পরিমাণ অর্থ বেঁচে যাবে তা রাষ্ট্রীয় কাজে ব্যবহূত হবে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেও কৃচ্ছ্রতা সাধনের পরামর্শ দেয়া হয়েছে।
