খোকার বিচার শুরু করার নির্দেশ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ০০:১৮

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতেই বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল বৃহস্পতিবার অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্য শুরুর জন্য ১৬ নভেম্বর দিন ঠিক করে দেন। চিকিত্সার জন্য বিদেশে অবস্থানরত সাদেক হোসেন খোকা এদিন অভিযোগ গঠনের শুনানিতে ছিল অনুপস্থিত। তার আইনজীবী এক আবেদনে  আদালতকে বিষয়টি জানালে বিচারক খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করে তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালানোর আদেশ দেন।  

প্রসঙ্গত, ২০০৮ সালের ১ জুলাই সাদেক হোসেন খোকা   ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক শামসুল আলম। এর আগে ২ এপ্রিল রমনা থানায় একটি মামলা করা হয়। অভিযোগপত্রে বলা হয়, সাদেক হোসেন খোকা নয় কোটি ৬৫ লাখ তিন হাজার ৬০৯ টাকার সম্পদ গোপন করে কমিশনে মিথ্যা বিবরণী দাখিল করেছেন। ওই সম্পদসহ মোট নয় কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকা অবৈধভাবে তিনি অর্জন করেছেন।