মাত্র ৫০ টাকার জন্য কানন বালা (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাছ বিক্রির পাওনা টাকা দাবি করায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
তিতাস থানা পুলিশ গতকাল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে কানন বালার স্বামী জগদীশ চন্দ দাস মাছ ধরে আনলে তিনি তা একই গ্রামের প্রবাসী শেখ ফরিদের স্ত্রী জেসমিন আক্তারের কাছে বিক্রি করেন। পাওনা টাকা চাইতে গেলে, তাকে গালিগালাজ করে জেসমিন। কথা কাটাকাটির একপর্যায়ে জেসমিন আক্তার ও তার পরিবারের লোকজন কানন বালাকে পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জেসমিন আক্তারের পিতা বারেক মিয়া, তার স্ত্রী, মেয়ে শাহিনুর আক্তার ও চাচাতো ভাই সোহেলকে আটক করে। তবে অভিযুক্ত জেসমিন পলাতক রয়েছেন।
তিতাস থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক জেসমিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
