যন্ত্রনির্ভর যুগে এমন ভালোবাসার অস্তিত্ব যে থাকতে পারে তা কল্পনা করা কঠিন। তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দেশে। ক্যালিফোর্নিয়ার ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্টুরেন্টের কর্মকর্তা ও কর্মচারীরা দেখেন একজন বৃদ্ধ কাস্টমার প্রতিদিন একটা কেবিনে একা একা খাবার খেতে বসেন। চেয়ারে বসেই তিনি ফ্রেম লাগানো একটি ছবি টেবিলের উপর রাখেন। এরপর ছবিটির দিকে অনেক সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। দু’ চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। এরপর ছবিটিতে চুম্বন করে তারপর খাবার খেতে শুরু করেন। প্রায়শই তিনি ওই রেস্টুরেন্টে যান এবং কর্মচারীরা একই ঘটনা প্রত্যক্ষ করেন। ঘটনাটির সিসিটিভি ফুটেজ পরে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবার মনে প্রশ্ন -কেন, ওই বৃদ্ধ অমনটি করেন। ছবিটি কার।
সাংবাদিকরা অনুসন্ধান করে জানতে পেরেছে তার নাম ম্যাডিনা। আর ছবিটি তার স্ত্রীর। তারা ৫৫ বছর একত্রে দাম্পত্য জীবন কাটিয়েছেন। ২০০৯ সালে স্ত্রী মারা যান। তারপর থেকে প্রতিদিন যেখানে যান সেখানেই স্ত্রীর ছবি সঙ্গে রাখেন। গোসলের সময়টুকু ছাড়া এক মুহুর্তেও স্ত্রীর ছবি হাতছাড়া করেন না। -মেইল অনলাইন
