পিকে’তে পুরানো পোশাকে আমির খান

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ১১:২৬

‘ধুম থ্রী’ ছবির দুর্দান্ত সাফল্যের পর আমির খান আবারও হাজির হতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘পিকে’ নিয়ে। আর আশা করা হচ্ছে এ ছবি দিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুলবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি জানা গেছে, এ ছবিতে পুরানো পোশাকে হাজির হয়েছেন আমির।
তবে ছবিটি যাই হোক না কেন, প্রচারণায় কোন কমতি নেই আমির খান এন্ড কোম্পানির। সামাজিক মাধ্যমগুলোতে প্রচারণার পাশাপাশি কিছুদিন পর পর নতুন নতুন পোস্টার বের করে চমকে দিচ্ছেন আমির। শুধু তাই নয়, মাঝে মাঝে ছবিটিকে ঘিরে মজার মজার সব তথ্য দিয়েও চমকে দিচ্ছেন আমির। যার ধারাবাহিকতায় সম্প্রতি আমির জানিয়েছেন, পিকে সিনেমাতে পরার জন্য নতুন পোষাকের চেয়ে পুরানো ও চুরি করা পোশাকই বেছে নিয়েছিলেন তিনি!
পরিচালক রাজ কুমার হিরানি আমিরের যতো ভাল বন্ধুই হোন না কেন ৪৯ বছর বয়সী অভিনেতা পোষাকের ব্যাপারে এক বিন্দুও ছাড় দেননি। চরিত্রের দাবিতে যে পোষাকটি মানাবে সেই পোশাকটিই পরেছেন এই তারকা। এবং আমিরের এই আবদার মেটাতে স্থানীয় জনসাধারণের কাছে গিয়ে টাকা দিয়ে পুরানো পোষাক কিনতে হয়েছে পিকে টিমকে।
জানা গেছে, সিনেমাতে একজন এলিয়েনের চরিত্রে দেখা যাবে আমিরকে। এবং পর্দায় নিজেকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে এতোটুকু ছাড় দেননি এই অভিনেতা। আমির জানিয়েছেন, গত কয়েক বছরে আমার ছবি মানেই তো বড়দিনে মুক্তি পাবে এবং ট্রেলারটি দিওয়ালীতে মুক্তি পাবে। পিকে সিনেমাও সে পথই অনুসরণ করেছে।