ঢাবির ৬ হাজার শিক্ষার্থী ল্যাপটপ কেনার জন্য ব্যাংক ঋণ পাবে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ১৯:৫৫
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ কেনার জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ দেয়া হবে। সরকার শিক্ষা প্রকল্পের অধীনে এ ধরনের ঋণ দেয়ার কথা বিবেচনা করছে।
শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন।
সরকারি সূত্রে বলা হয়, আইসিটি জ্ঞান অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৬ হাজারের অধিক শিক্ষার্থীকে ল্যাপটপ কেনার জন্য স্বল্প সুদে ঋণ দিতে একটি ঋণ কর্মসূচি চালু করতে তারা সম্মত হয়েছেন।
সূত্র জানায়, শিক্ষা সচিব এই ঋণের গ্যারান্টার হবার আশ্বাস দিয়েছেন।
ড. আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার জন্য ল্যাপটপ ব্যবহারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঋণ চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৬ হাজার শিক্ষার্থী ল্যাপটপ কেনার জন্য এ ধরনের ঋণ সুবিধা পেলে তারা সমাজ ভিত্তিক জ্ঞান অর্জনে তাদের ভূমিকা রাখার সুযোগ পাবে।
তিনি শিক্ষা কর্মসূচির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঋণ চালু করতে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সহায়তা কামনা করেন।
এনআই খান জানান, এ ধরনের একটি ঋণ কর্মসূচি চালু করতে গত তিন বছর ধরে চেষ্টা করে আসছি। এ জন্য বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে বৈঠকও হয়েছে।
এনআই খান বলেন, আমাদের জন্য এটি একটি ভাল খবর। ট্রাস্ট ব্যাংক ল্যাপটপ ক্রয়ে এই ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা ব্যাংকের এমডির সঙ্গে আলোচনা করেছি। তাকে বলেছি, প্রয়োজনে আমি ব্যাংক গ্র্যান্টার হব। খবর বাসসের।