নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আবদুর নূরসহ ৫ জঙ্গিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- বাংলাদেশে জেএমবি’র এহসার সদস্য নূর ইসলাম, নূরুজ্জামান আরিফ, গায়েরে এহসার সদস্য আবুল কালাম আজাদ ও ফারুক আহম্মেদ। এ সময় তাদের কাছ থেকে ৪৯টি প্রাইমারি ডেটোনেটর, ২৬টি ইলেক্ট্রনিক ডেটোনেটর, ৪টি টাইমবোমা, ৩৫ গজ কর্ডেক্স, ১০ কেজি পাওয়ার জেল, ১৫৫টি বিভিন্ন প্রকার সার্কিট, ৫৫টি জিহাদি বই, ৪৫টি বোতাম টাইপ সার্কিট, ৩টি ইগনাইটর ও ১টি পাওয়ার রেগুলেটর উদ্ধার করা হয়।
আটক জেএমবি সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবদুর নূর মূলত বাংলাদেশে অবস্থান করে আত্মগোপনে থাকা জেএমবির আমীর সোহেল মাহফুজ এর সঙ্গে যোগাযোগ রক্ষা করতো এবং জেএমবিকে পুনরায় সংগঠিত করার জন্য নতুন সদস্যপদ সংগ্রহের চেষ্টা করতে থাকে। এই লক্ষ্যে জেলখানায় অবস্থানরত জেএমবি শীর্ষ নেতাদের ও দেশের বাইরে আত্মগোপনে থাকা জেএমবির সক্রিয় সদস্যদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতো। গ্রেফতার আতংকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল এবং বাংলাদেশে যে কোন রাজনৈতিক অস্থিরতার সুযোগে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি করে আবার তারা সাংগঠনিকভাবে যে সক্রিয় হয়েছে তা পূর্বাভাষ দিতে চেয়েছিল।
