পড়বি তো পড় কনের ঘাড়ে!

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ০০:০০

কথায় বলে পড়বি তো পড় মালির ঘাড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের এরিজোনা অঙ্গরাজ্যের এক নতুন বরের লজ্জায় মাথা কাটা যাবার দশা হয়েছে। কারণ তিনি ‘হিরো গিরি’ দেখাতে গিয়ে পড়েছেন তার হবু স্ত্রীর ঘাড়ে! মেয়েটির নাক ভেঙে রক্তারক্তি কারবার। বিয়ের পোশাকে কনের এই করুন দশার ভিডিও  ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বর পোশাক পরিহিত কানার্ড কনের পোশাকে থাকা জুলিয়াকে কোলে নিয়ে সিনেমার নায়কদের মতো পাকা রাস্তায় দৌঁড়াচ্ছেন। পেছনে উত্সাহী বরযাত্রীরা ছাড়াও দৌড়াচ্ছে অন্য লোকজন। কিন্তু কিছুদূর না যেতেই চিত্পট্টাং! কনে বেচারি উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়লেন রাস্তার উপর। আগে পড়ল তার নাক। বর কানার্ডও গতি সামলাতে না পেরে উড়ে গিয়ে পড়লেন জুলিয়ার উপর। অর্থাত্ মরার উপর খাড়ার ঘায়ের মতো। এরপর তাদের বিয়ে হয়েছে কি না তা জানা যায়নি!

-এনডিটিভি