অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেছেন, বিদেশিরা আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে চায়। এমনকি যুক্তরাষ্ট্রও। যারা আমাদের তেমন পছন্দ করে না, সকলেই আমাদের দেশের উন্নয়নের সাথী হয়ে চায়। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ আমাদের দীর্ঘদিনের বন্ধু। কেবল পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ে কিছুটা সমস্যা হয়েছিল। এটা অনাকাঙ্খিত। তবে এ বিষয়টির সমাপ্তি ঘটেছে। এখন এ নিয়ে আর কেউ কথা বলে না। শুক্রবার সিলেটের একটি কমিউনিটি সেন্টারে একটি সামাজিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সমালোচনা শুধু দেশেই হয়। বিদেশে বাংলাদেশের সমালোচনা হয় না। সেখানে বাংলাদেশ দ্য হিরো অব দি ওয়ার্ল্ড। সেখানে গেলে সমাদর পাওয়া যায়।
মন্ত্রী বলেন, গত ৫ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের দেশে বিনিয়োগ ভাল হয়নি। যেখানে ৩২ শতাংশ হওয়া প্রয়োজন সেখানে ২৫ থেকে ২৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। দেশের ব্যংকে যথেষ্ট অলস অর্থ পড়ে আছে। সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই টাকা বিনিয়োগ হচ্ছে না। তাই আমরা পিছিয়ে রয়েছি।
মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে মোট দেশজ উত্পাদন (জিডিপি) বাড়বে। এছাড়া মূদ্রাস্ফীতি ৭ এর কম হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাইব্যুনালের বিচারে বিদেশিদের বিরোধিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৭১ সালে যেভাবে গণহত্যা হলো তখন আমেরিকাসহ এসব বিরোধিতাকারিরা কোথায় ছিলেন।
