ক্যালিফোর্নিয়ায় পর্যটক মহাকাশযান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১০:৫০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মোজেভ মরুভূমিতে পরীক্ষামূলক পর্যটক মহাকাশযান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলট নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। খবর বিবিসি।
শনিবার বিবিসি বাংলার অনলাইনের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়, আকাশের অনেক উঁচুতে একটি বিস্ফোরণ দেখেছিলেন একজন প্রত্যক্ষদর্শী। এর পরপরই যানটির ধ্বংসাবশেষগুলো মোজেভ মরুভূমিতে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সংবাদ সম্মেলনে মোজেভ কর্তৃপক্ষ বলেছে, ঠিক কী কারণে মহাকাশযানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
তবে, পরীক্ষামূলকভাবে উড়ার অনুমতি দেয়ার আগে যানটিতে কোনো প্রকার ত্রুটি ছিল না বলে তারা জানিয়েছে।
পর্যটকদের মহাকাশে পাঠানোর জন্য মহাকাশযান তৈরির কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক।
আটশ’র বেশি পর্যটক মহাকাশে ভ্রমণের জন্য কোম্পানিটির কাছে আগাম অর্থ দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ-ই মহাকাশে পর্যটক পাঠাতে পারবেন বলে ঘোষণা দিয়েছিলেন ভার্জিন গ্যালাকটিক-এর প্রধান রিচার্ড ব্র্র্যানসন।