মিয়ানমার সফরে যাচ্ছেন ওবামা

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৫:০৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামার আগামী মাসে মিয়ানমার সফরের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার রাতে মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন এর সঙ্গে ফোনালাপে রাষ্ট্রহীন রোহিঙ্গা মুসলিম এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য জাতীয় অস্ত্রবিরতির প্রতিষ্ঠায় সব ধরনের প্রচেষ্টা চালানোর জন্য প্রেসিডেন্ট ওবামা আহ্বান জানান। খবর রয়টার্স।
এদিকে প্রেসিডেন্টের এই সফরের আগে আগে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারকে অবজ্ঞা করার কারণে মিয়ানমারের প্রভাবশালী এক সংসদ সদস্য ব্যবসায়ীকে কালো তালিকাভুক্ত করেছে ওবামা প্রশাসন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মিয়ানমারের সাবেক শিল্পমন্ত্রী ও পার্লামেন্টের বর্তমান নিম্নকক্ষ সদস্য অঙ থাঙ দেশটির গণতান্ত্রিক সংস্কারের বিরোধিতা করছেন।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দফতরের প্রধান অ্যাডাম জুবিন বলেছেন, বার্মার (মিয়ানমার) ইতিবাচক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারকে সচেতনভাবে অবজ্ঞা করে অঙ থাঙ সহিংসতা, দমন ও দুর্নীতিকে দীর্ঘায়িত করছেন।
এ কারণে যুক্তরাষ্ট্রে অঙ থাঙের কোনো সম্পদ থাকলে তা জব্দ এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক আন্তর্জাতিক ব্যাংঙ্কও যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে লেনদেন এড়িয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।