ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক নারী ও ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নিমতলা ব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইজিবাইক চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার ঘোষনগর গ্রামের অনিল ঘোষের ছেলে সাধন ঘোষ (৪৫)। অজ্ঞাত পরিচয় ঐ নারীর লাশ স্থানীয় কালীগঞ্জ হাসপতালে মর্গে রাখা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুর ২ টার দিকে সবজি বোঝাই একটি ট্রাক উপজেলার শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় নিমতলা ব্রিজের নিকট পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক সাধন দাস মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ইজি বাইকের দুই যাত্রীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ঐ নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্যদের স্থানীয় কালীগঞ্জ ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
