নাইজেরিয়ায় অপহূত স্কুল ছাত্রীদের ধর্মান্তরিত ও বিয়ে দেয়া হচ্ছে

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৮:৩৬
 


নাইজেরিয়ার জঙ্গি গ্রুপ বোকো হারাম দাবি করেছে, চলতি বছরের প্রথমদিকে তারা যে ২১৯ স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল তাদের ধর্মান্তরিত করে মুসলমান ও বিয়েও দেয়া হয়েছে। শুক্রবার নতুন এক ভিডিও বার্তা থেকে এ কথা জানা গেছে।
এছাড়া ভিডিও বার্তায় দলটির নেতা আবু বাকার শেকাও সরকারের সাথে জঙ্গি গ্রুপটির অস্ত্ররিরতির খবর এবং ভবিষ্যতে কোন আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে।
শেকাও আরো জানায়, তারা জুলাই মাসে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আদামাবা রাজ্য থেকে একজন জার্মান নাগরিককেও অপহরণ করেছে।
বোকো হারাম চলতি বছরের এপ্রিলে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় বর্ণো রাজ্যের চিবুক শহর থেকে এসব স্কুল ছাত্রীকে অপহরণ করে।
গত ১৭ অক্টোবর নাইজেরিয়ার সরকার ও সামরিক বাহিনী এক আকস্মিক ঘোষণায় বলে সহিংসতা বন্ধে এবং অপহূত ছাত্রীদের ফিরিয়ে দিতে তাদের সঙ্গে জঙ্গি গ্রুপটির একটি সমঝোতা হয়েছে। এ ঘোষণার পর ভিডিও বার্তাটি প্রকাশিত হল।
বার্তায় শেকাও বলে, কারো সঙ্গেই আমাদের কোন আলোচনা হয়নি। এটি একটি মিথ্যা, মিথ্যা।
কখন এবং কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে তার কোন আভাস পাওয়া যায়নি। কিন্তু আগের মতোই একই সূত্র ধরে ভিডিওটি পাওয়া গেছে।
ভিডিওতে শেকাও আরো বলছে, অধিকাংশ ছাত্রীকে মুসলমান করা হয়েছে। বাকীদেরও করা হচ্ছে। তাদের বিয়ে দেয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ চলতি সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে বলছে, বোকো হারাম ৫শরও মতো নারী ও কিশোরীকে আটক করে রেখেছে এবং জোর করে তাদের বিয়ে করতে বাধ্য করছে। বাসস।