বাংলাদেশের জাতীয় গ্রিডে ত্রুটির কারণে শনিবার সকাল থেকে সারা দেশের সব জায়গায় এক নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। অফিস-কারখানা ও দোকানপাট ও হাসপাতালগুলো জেনারেটর থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে কাজ চালাচ্ছে। সন্ধ্যের পর থেকে প্রায় পুরো ঢাকা শহর অন্ধকারে ডুবে আছে।
এই বিপর্যয়ের সময় ঢাকায় প্রধানমন্ত্রীর অফিস, পার্লামেন্ট, এবং অন্যন্য সরকারি ভবনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ঢাকার আন্তর্জাতিক বিমান বন্দরে জেনারেটরের থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে কাজ চলছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একে একে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে শুরু করে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতীয় গ্রিডে কারিগরী সমস্যার কারণে পুরো দেশ জুড়ে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। কিছু কিছু জায়গায় বিদ্যুত সরবরাহ ফিরে আসছে, এবং ত্রুটি মেরামতের জন্য প্রকৌশলীরা কাজ করছেন।
সমস্যাটি ঠিক কি তা বিদ্যুৎ প্রতিমন্ত্রী মি. হামিদ সুনির্দিষ্টভাবে না জানালেও বলেছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্ট পেলেই প্রকৃতপক্ষে কি ঘটেছে তা জানা যাবে।
এর আগে বাংলাদেশের জাতীয় গ্রিডের প্রধান কর্মকর্তা চৌধুরী আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ভারতের একটি সাবস্টেশনের সমস্যার কারণে তার সাথে সংযুক্ত বাংলাদেশের গ্রিডে এই বিপর্যয় ঘটে থাকতে পারে।
পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে সারা দেশে বিদ্যুৎ সরবরাহে কত সময় লাগবে, তা নিশ্চিত করতে পারেনি তারা।
