ভারতের ভিসা পাওয়ার আগেই রোগী মারা যায়: এরশাদ

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৯:২৪
 
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বাংলাদেশ থেকে চিকিত্সার জন্য অনেকে ভারতে যান। তবে ভারতের ভিসা পেতে অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে ভিসা পাওয়ার আগে রোগীই মারা যাচ্ছেন। ভিসা পাওয়ার প্রক্রিয়া আরেকটু সহজ করা উচিত। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত মৈত্রী উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
এরশাদ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত আমাদের অনেকভাবে সহযোগিতা করেছে। বাংলাদেশের এখন সবচে বড় সমস্যা পানি, পানির অভাবে এখানকার নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ভারত একটি বড় দেশ, আমাদের একটু পানি দিলে কী হয়!
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বাংলাদেশের পানি সমস্যা সমাধানে ভারতকে আরও এগিয়ে আসতে হবে। তিস্তা চুক্তি সহসাই সম্পন্ন করতে হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জান খাঁন কামাল বলেন, ’৭১ এ ভারতের অবদানের কথা আমরা কোনদিন ভুলব না। অনুষ্ঠানে সভাপতিত্বকারী সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত অকৃত্তিম বন্ধু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অরুণোদয় সাহা, সাংবাদিক সুজন দে ও বিশ্বাস বিল্ডার্সের এমডি নজরুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক দেলোয়ারের অবস্থার উন্নতি 
যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন জাপার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগির তিনি দেশে ফিরবেন। ক্যালিফোর্নিয়ার বেভারহিলে সিনাই মেডিকেল সেন্টারে চিকিত্সাধীন দেলোয়ার প্রস্টেড প্রদাহ, হার্টের ব্লক, লিভার সমস্যা ও রক্তের উচ্চচাপ জনিত জটিলতায় ভুগছেন। জাপা চেয়ারম্যান এরশাদ তার রোগমুক্তি কামনা করেছেন। এছাড়া তার সুস্থতা কামনা করে খিলগাঁও জাপাসহ বেশ কয়েকটি ওয়ার্ডে দোয়া মাহফিল হয়েছে।