রাজধানীর মধ্যের বাড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্বর্ণ চোরাচালানের মামলায় শনিবার বিকেলে তাকে বাড্ডা থেকে গ্রেফতার করা হয়েছে বলে ইত্তেফাককে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশস) মাসুদুর রহমান। রবিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানান তিনি।
মাসুদুর রহমান বলেন, সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে নামার পর গত ২২ এপ্রিল হযরত শাহজালাল বিমানবন্দরে আলী হোসেন চেয়ারম্যানের স্ত্রী শাহনাজ হোসেন, মেয়ে আনজিলা হোসেন, আনজিলার স্বামী আজাদ নাবিল এবং সিভিল এভিয়েশনের কর্মচারী নাবিল ইবনে ইকবালকে গ্রেফতার করে আর্মড পুলিশ ও কাষ্টমস। তাদের সন্দেহ হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশী করে ২০টি স্বর্ণ বার পাওয়া যায়। এর প্রতিটি বারের ওজন এক কেজি করে। মোট ২০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
তখন শুল্ক গোয়েন্দ বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেছিলেন, আটককৃতরা স্বর্ণগুলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসে। বিমানবন্দরে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে তারা প্রথমে অস্বীকার করে। পরে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা করে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় বিমানন্দর থানা পুলিশ।
মাসুদুর রহমান জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আলী হোসেন চেয়ারম্যানের স্ত্রী শাহনাজ হোসেন, মেয়ে আনজিলা হোসেন, তার স্বামী আজাদ নাবিল এবং সিভিল এভিয়েশনের কর্মচারী নাবিল ইবনে ইকবাল চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর মধ্যে সিভিল এভিয়েশনের কর্মচারী নাবিল ইবনে ইকবালের জবানবন্দিতে আলী হোসেন চেয়ারম্যানের নাম আসে। তাই মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
