সারা দেশে বিদ্যুত্ বিপর্যয়: মোমবাতির স্টক শেষ!

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ২১:৩৯
 
 
 
 
টানা বিদ্যুত্ বিপর্যয়ে রাজধানীর অনেক এলাকাতেই সন্ধ্যার আগেই মোমবাতির স্টক শেষ হয়ে গেছে। সকাল থেকে বিদ্যুত্ না থাকায় মোমবাতির দাম ও চাহিদা বেড়েছে কয়েক গুণ। বিভিন্ন দোকানে ক্রেতাদের লম্বা লাইনও দেখা যায়। কিছু দোকানে মোমবাতি থাকলেও তা বেশি দামে বিক্রি করা হয়। খুচরা দোকানে ৫ টাকার মোমবাতির দাম রাখছে ১০ টাকা, আর ১০ টাকারটা রাখছে ১৫ থেকে ২০ টাকা। ২০ টাকার মোমবাতির দাম রাখা হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, ফকিরাপুল, নয়াপল্টন, সেগুনবাগিচা ও কাওরান বাজারসহ বিভিন্ন দোকানে ঘুরে এ সব চিত্র পাওয়া যায়।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে গোটা রাজধানীসহ সারা দেশ থাকে বিদ্যুত্হীন। আর এ সুযোগ কাজে লাগিয়েছে মোমবাতি বিক্রেতারা। বেশি দাম নেয়ার অভিযোগ প্রসঙ্গে তারা বলেন, হঠাত্ করে রাজধানীতে বিদ্যুত্ না থাকায় মোমবাতির পাইকারি বিক্রেতারা বেশি দাম নিয়েছে। আবার কোথাও সরবরাহ কম। তাই সরবরাহকারীরা বেশি দাম নেয়ার ফলে খুচরা বিক্রেতাদেরও বেশি দামে বিক্রি করতে হয়।
কল্যাণপুরের বাসিন্দা মেরিনা সুলতানা ও আনজুয়ারা খাতুন জানান, সকাল থেকে বিদ্যুত্ না থাকায় অনেকগুলো মোমবাতি কিনতে হয়েছে। এ সুযোগে দোকানদাররা মোমের দাম বাড়িয়ে দেন। বিকালের দিকে ১০ টাকা দামের দুটি মোম নেয় ২০ টাকায়। কিন্তু সন্ধ্যার সময় একই দোকানদার দুটি মোমের দাম রেখেছে ৩০ টাকা। ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাই বেশি দাম রাখলেও কিছু করার নেই।
শ্যামলীর আজাদ নামের এক দোকান মালিক বলেন, ‘সকাল থেকে বিদ্যুত্ না থাকায় মোমবাতির চাহিদা বেড়ে যায়। প্রথমে দোকানে আগে নেয়া যে মোমবাতি ছিল, তা নির্ধারিত দামে বিক্রি করা হয়। কিন্তু দুপুরের দিকে আমরা নিজেরাই আগের চেয়ে বেশি দাম দিয়ে কিনেছি, তাই বিক্রিও করা হয় আগের চেয়ে ২ থেকে ৫ টাকা বেশি দামে।’