স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ২১:৫৪
 
রাত ৮টার দিকে বনানী, বাড্ডা, খিলক্ষেত, রামপুরা, মিরপুর, গাবতলীসহ কয়েকটি স্থানে বিদ্যুতের দেখা মেলে বলে জানা গেছে। রাজশাহীতে রাত পৌনে নয়টায় বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক হয় বলে জানায় রাজশাহী অফিস। রাত ১২টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এছাড়াও বিদ্যুতের দেখা মেলে খুলনা, সিলেট, বরিশাল, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নড়াইল, সিলেটসহ বিভিন্ন জেলায়।
এরআগে বেলা সাড়ে ১১টা দিকে এ বিদ্যুত্ বিপর্যয় হয়ে। বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামে জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সারা দেশে বিদ্যুত্ বিপর্যয় হয়েছে। ভেড়ামারায় জাতীয় বিদ্যুত্ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ার পর ব্ল্যাক আউট হয়েছে। দেশে ছয় হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল বলে জানা গেছে।
এদিকে বিদ্যুত্ না থাকায় ভোগান্তিতে পড়েছে হাসপাতালের রোগীসহ বিদ্যুতের উপর নির্ভরশীলরা। অনেকেই ইত্তেফাকে ফোন করে তাদের উদ্বেগ, উত্কণ্ঠার কথা জানান।
সারাদেশে বিদ্যুত্ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের উপ-সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, রাতের মধ্যে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।