গ্রিড বিপর্যয় তদন্তে গোয়েন্দা সংস্থা

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ০১:১৫

হঠাত্ করে জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থাগুলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাসহ সরকারের সবকয়টি গোয়েন্দা সংস্থা গতকাল থেকেই এ বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে এ খবর পাওয়া গেছে।

এদিকে বিদ্যুত্ বিপর্যয়ের সুযোগে দুর্বৃত্তরা যাতে দেশ জুড়ে কোন ধরনের নাশকতা করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিজ নিজ এলাকায় টহল বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে দেশের সকল ব্যাংক ও বড় স্বর্ণের দোকানে নজরদারি বাড়াতে বলা হয়েছে। গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, বিদ্যুত্ বিপর্যয়ের কারণে শনিবার সন্ধ্যার পর থেকে দেশের সকল ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরার বেশিরভাগই অচল হয়ে পড়েছে। এটিএম বুথের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রতিটি ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা শাখা থেকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সারাদেশে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। টহল বাড়ানো হয়েছে। দেশের সকল মেট্রোপলিটন ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। তিনি আরো জানান, বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ভিভিআইপি ও ভিআইপিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) জন্যও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অপরাধপ্রবণ এলাকাগুলোতে র্যাবের টহল বাড়ানো হয়েছে। বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, বিদ্যুত্ বিতরণ কেন্দ্র, সকল সরকারি হাসপাতাল, কূটনৈতিক জোন, বড় শপিং মল, ব্যাংক ও স্বর্ণের দোকান এলাকায় টহল বাড়ানো হয়েছে।
এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সভাপতি আলী রেজা ইফতেখার বলেন, পর্যাপ্ত বিদ্যুতের অভাবে ইতিমধ্যে সকল এটিএম বুথের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নাশকতার আশংকায় এসকল বুথে সংশ্লিষ্ট ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সকল ব্যাংকের শাখায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রাজধানীর সকল থানায় সতর্ক বার্তা পাঠানো হয়েছে। বিশেষ করে গুরত্বপূর্ণ স্থাপনা, ভিভিআইপি, ভিআইপিদের বাসস্থান এবং বিদ্যুত্ বিতরণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।