মাওয়ায় পদ্মা সেতুর পিলারের মাটি পরীক্ষা শুরু

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ১০:২৬
পদ্মা সেতুর পিলারের মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। সেতুর মোট ২৬৬টি পিলারের মধ্যে ৬৬টি পিলারের স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার মাওয়া ফেরিঘাটের কাছে দুই নম্বর পিলারে এই পরীক্ষা শুরু হয়েছে।
একটি সূত্র নিশ্চিত করেছে, পরবর্তী ২/১ দিনের মধ্যে তিন নম্বর পিলারের মাটি পরীক্ষার কাজ শুরু হবে। এক একটি পয়েন্টে মাটি পরীক্ষার জন্য সময় লাগবে প্রায় সাত দিন। এর আগে তিনটি শিপমেন্টের মালামাল মাওয়ায় পৌঁছেছে। ৪র্থ শিপমেন্টের মালামাল নিয়ে একটি জাহাজ গত শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এখন মাওয়ায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
শনিবার মাওয়া ঘুরে দেখা যায়, মাওয়া ফেরিঘাটের কাছে পদ্মা সেতুর দুই নম্বর পিলারে সেতুর প্রথম মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশি প্রকৌশলীদের সহায়তায় মাটি পরীক্ষা করছে চীনা প্রকৌশলীরা। ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের প্রকৌশলীরা মাটি পরীক্ষার কাজ করলেও এ কাজের তদারিক করছেন নেপালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ড. হেমনাথসহ দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা। প্রায় ১শ’ মিটার গভীরের মাটি তুলে এনে পরীক্ষা করা হচ্ছে। মাটি পরীক্ষার কাজ শুরু হওয়ায় আরেক ধাপ এগিয়ে গেল ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাটি পরীক্ষার কাজ শুরু করার কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। ৫টি পিলারের জায়গায় দোকানঘর থাকায় এখানে মাটি পরীক্ষার কাজে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর জন্য অধিগ্রহণকৃত এসব জমির মালিককে দুই-একদিনের মধ্যে পিলারের জায়গা থেকে দোকানঘরসহ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।