রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে ভর্তি শুরু, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ১৪:২২
দীর্ঘ প্রতিক্ষার পর রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কযেকজন শিক্ষার্থী তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। ১৫ নভেম্বরের পরে কোন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না বলে জানিয়েছেন কতৃপক্ষ।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ পার্বত্য জেলাবাসীর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘ বছর ধরে তিন পার্বত্য জেলা থেকে মাত্র নয় জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেতো। কিন্তু বর্তমানে রাঙ্গামাটি কলেজে ২৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। বর্তমানে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ ৫১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। দেশের সব কয়টি সরকারি মেডিক্যাল কলেজের সাথে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। আর আগামী ১০ জানুয়ারি হতে ক্লাশ শুরু হওয়ার কথা রয়েছে। 
সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভর্তি বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। চলতি বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ছয়টি মেডিক্যাল কলেজ চালুর অনুমোদন দেন এবং নতুন করে চালু হতে যাওয়া দেশের ছয়টি মেডিক্যাল কলেজের ক্লাশ বঙ্গবন্ধুর দেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি শুরুর নির্দেশ দেন। 
শিক্ষা অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষার দিন-তারিখ নির্ধারণ করতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, বিএমএ, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি সফরকালে জেলার ১০টি উন্নয়ন কাজের সাথে রাঙ্গামাটি সরকারি মেডিক্যাল কলেজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।