ইডেন হ্যাজার্ডের পেনাল্টি গোলের সুবাদে কুইন্সপার্ক রেঞ্জার্সের (কিউপিআর) বিপক্ষে শনিবার ২-১ গোলের কষ্টার্জিত জয় লাভ করেছে চেলসি। চার পয়েন্টের ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে এখন রয়েছে উত্তর লন্ডনের দলটি।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চার ম্যাচ বাইরে থাকার পর এদিন দলে ফিরেন দিয়াগো কস্তা। ম্যাচের ৩২তম মিনিটেই অস্কারের দেয়া গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। সেস ফেব্রিগাসের দুরপাল্লার শটের বলকে গোলে পরিণত করতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে।
তবে ম্যাচের বয়স যখন ঘন্টা পেরিয়ে, তখনই গোলটি পরিশোধ করে দেন কিউপিআরের ফুটবলার চার্লি অস্টিন। প্রতিআক্রমন থেকে ক্রসের বলকে গোল বানিয়ে ফেলেন তিনি।
শেষ পর্যন্ত হ্যাজার্ডের গোলে স্বস্তি ফিরে আসে চেলসি শিবিরে। ম্যাচের ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় গোল করেন হ্যাজার্ড। এডুয়ার্ডো ভার্গাসের চ্যালেঞ্জের কারণে ডি বক্সের ভেতর তিনি পড়ে গেলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ১২ গজ দূর থেকে সুযোগটি ভালভাবেই কাজে লাগিয়েছেন হ্যাজার্ড।
এ জয়ের ফলে ফুরফুরে মেজাজ নিয়েই বুধবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলতে ম্যারিবর সফরে যেতে পারবে চেলসি। কারণ তালিকার দ্বিতীয় স্থানধারী সাউদাম্পটনের চেয়ে চার পেেয়ন্টর ব্যবধানে এগিয়ে রয়েছে চেলসি। সাউদাম্পটন ১-০ গোলে হারিয়েছে হাল সিটিকে। ওই ম্যাচের একমাত্র গোলটি করেছেন কেনিয়ার মিডফিল্ডার ভিক্টর ভানিয়ামা। কেসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটেই বুদ্ধিমত্তার সাথে গোলটি আদায় করেন তিনি।
একই দিন পয়েন্ট তালিকার তলানীতে থাকা ক্লাব বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ খেলার মত অবস্থানে পৌছে গেছে আর্সেনাল। ম্যাচে দুই গোল করেছেন আলেক্সিস সানচেজ। প্রথমার্ধে গোল খরায় পড়া ম্যাচের সবকটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৭০ তম মিনিটে সানচেজ গোল করে এগিয়ে দেন আর্সেনালকে। ২ মিনিটের ব্যবধানেই ডিফেন্ডার ক্যালাম চেম্বারস গোল করে ব্যবধান দ্বিগুন করেন। আর ম্যাচের ইনজুরি টাইম অথাৎ ৯০ তম মিনিটে ফের গোল করে এখনো পর্যন্ত জয়ের মুখ না দেখা ক্লাবটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে ওঠে এসেছে আর্সেন ওয়েঙ্গারের শীর্ষরা। লীগ তালিকার শীর্ষ চারটি দল পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলার যোগ্যতা অর্জন করে। সেই হিসেবে আর্সেনাল যদি অন্তত চতুর্থ অবস্থানে থেকে মৌসুম শেষ করতে পারে তাহলে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করবে ওয়েঙ্গারের দলটি। ওয়েস্টহ্যাম ইউনাইটেড স্টোক সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করায় আর্সেনালের কাছে চতুর্থ স্থান হারাতে হয়েছে। যদিও ০-২ গোলে পিছিয়ে পড়ার পরও পয়েন্টে ভাগ বসানোর সুযোগ শেষ পর্যন্ত লাভ করে। ম্যাচের প্রথম ভাগেই ৩৩ ও ৫৬ তম মিনিটে যথাক্রমে ভিক্টর মসেস ও ম্যামে বিরাম দিউফ এর গোলে এগিয়ে যায় স্টোক সিটি। ম্যাচের ৬০তম মিনিটে এনার ভ্যালেন্সিয়া ব্যবধান কমানোর ১৩ মিনিট পর ডাউনিংয়ের গোলে সমতা ফিরে পায় ওয়েস্টহ্যাম।
এর আগে সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত দিনের সুচনা ম্যাচে লিভারপুল চতুর্থবারের মত পরাজয়ের দেখা পেয়েছে। তারা নিউক্যাসলের কাছে ০-১ গোলে পরাজয় বরণ করে। এর মাধ্যমে লুইস সুয়ারেজের স্থলাভিষিক্ত ইতালীয় স্ট্রাইকার মারিও বালোতেল্লি আরো একটি হতাশার ম্যাচ উপহার দিল লিভারপুলবাসীকে। ম্যাচের ৭৩তম মিনিটে বদলী হিসেবে মাঠে নামা স্প্যানিশ খেলোয়াড় আয়োজে প্যারেজ নিউক্যাসলের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেন।
