মোনাকোয় গেলেন আইজিপি

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ১৯:০৬
 
 
 
                                         
 
পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) ৮৩তম বার্ষিক সাধারণ সম্মেলনে অংশগ্রহণের জন্য রবিবার ভোরে মোনাকোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সম্মেলনে বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) চৌধুরী আবদুল­াহ আল মামুন, অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এনসিবি) মাহবুবুর রহমান ভূঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম অংশ গ্রহণ করবেন।
ইন্টারপোল প্রতিবছর সদস্য দেশসমূহের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশপ্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে থাকে। এ বছর মোনাকোতে ইন্টারপোল সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার থেকে এ সম্মেলন শুরু হচ্ছে। ইন্টারপোলের ১৯০টি সদস্য দেশের পুলিশ প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং প্রতিনিধিগণ সম্মেলনে অংশ গ্রহণ করবেন। বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিশ্বের ১০৯টিরও বেশি দেশের স্বরাষ্ট্র মন্ত্রীগণ এতে অংশ নেবেন।
বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধ দমন ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে সদস্য দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ, সাইবার ক্রাইম, পরিবেশ নিরাপত্তা, ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ সমসাময়িক অপরাধ সংক্রান্ত বিষয়াবলি সম্মেলনে আলোচনা করা হবে। এ ছাড়া, সদস্য দেশসমূহের পুলিশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর মাধ্যমে ইন্টারপোলের কার্যক্রম আরো গতিশীল করার বিষয়টিও আলোচনায় স্থান পাবে। বাংলাদেশের পুলিশপ্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সাথে পারস্পরিক স্বার্থ-সংশি­ষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।