আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শনিবার সারা দেশে বিদ্যুত্ বিভ্রাটের ঘটনা বিএনপির ষড়যন্ত্রের অংশ কিনা, তা খাতিয়ে দেখা প্রয়োজন। কারণ, বিদ্যুত্ নিয়ে বিগত দিনে তারা ষড়যন্ত্র করেছে, রমজান মাসে নামাজের সময় মানুষ বিদ্যুত্ পেত না। রবিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত হরতাল-বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বিএনপির জনসভায় বিঘ্ন ঘটানোর জন্য বিদ্যুত্ বিভ্রাট ঘটানো হয়েছে’ সম্প্রতি খালেদা জিয়ার এ বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ আরো বলেন, শনিবারের বিদ্যুত্ বিভ্রাট ছিল যান্ত্রিক ক্রটি। আমরা ষড়যন্ত্র করি না, ষড়যন্ত্র হয়েছে বিগত দিনে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া হিংস্র হায়েনা ও ডাইনির রূপ ধারণ করেছে। তার মদদে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হরতাল ডেকেছে জামায়াত। তাই ডাইনি রূপী হায়েনার হাত থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে।
হাছান মাহমুদ বলেন, একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের বিচারের পর একদিন বাংলার মানুষ খালেদা জিয়ারও বিচার করবে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। নিজামী, মুজাহিদদের মন্ত্রী বানিয়ে লাল সূর্য খচিত পতাকা তাদের হাতে তুলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন।
পরে হাছান মাহমুদ নৌকা সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত হরতাল-বিরোধী সমাবেশে বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
