ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে।
জীববিজ্ঞান অনুষদের ডীন কার্যালয়ে ওই সাক্ষাৎকার আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতরের (ভারপ্রাপ্ত) পরিচালক নুর-ই ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
২৮ নভেম্বর শুরু থেকে ১৫০০ পর্যন্ত, ২৯ নভেম্বর ১৫০১ থেকে ৩০০০ পর্যন্ত এবং ৩০ নভেম্বর ৩০০১ থেকে ৪৫০০ পর্যন্ত মেধাক্রমধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় পাশের সকল মূল গ্রেডশীট, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ভর্তির ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর বিষয়ের পছন্দক্রমের কপি অবশ্যই সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে।
