আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ের স্বাদ নিল স্বাগতিক ভারত। পাঁচ সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ১৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী শ্রীলংকাকে। এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
কটকে টস জিতে ভারতের হাতে ব্যাট তুলে দেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথমে ব্যাট করার সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগান ভারতের দুই ওপেনার রাহানে ও ধাওয়ান। উইকেটের সাথে মানিয়ে নিয়ে স্কোর বোর্ডে রান জমা করতে থাকেন তারা। দেখেশুনে খেলে ২০ দশমিক ৪ বলেই দলকে তিন অঙ্কের কোটায় পৌঁছে দেন রাহানে ও ধাওয়ান। এরমধ্যে ফিফটির স্বাদ পান রাহানে। অর্ধশতকের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ধাওয়ানকেও। তিন বল পরই ফিফটির দেখা পান তিনিও।
হাফ-সেঞ্চুরির স্বাদ পাবার পরই ভংকর হয়ে উঠেন রাহানে ও ধাওয়ান। শ্রীলংকান বোলারদের তোয়াক্কা না করে দ্রুততার সাথে রান তুলতে থাকেন তারা। এই দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে ৩১ দশমিক ২ বলেই দু’শতাধিক রানের কোঠা স্পর্শ করে ভারত। আর এই ওভারের পঞ্চম বলে সিঙ্গেলস নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পান রাহানে।
রাহানে সিঙ্গেলসে সেঞ্চুরির দেখা পেলেও, মিড-উইকেট দিয়ে ফ্লাট ছক্কা হাকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ট সেঞ্চুরির স্বাদ পান ধাওয়ান। সেঞ্চুরির পর আর মাত্র ১৩ রান করতে পেরেছেন তিনি। দলীয় তার বিদায়ে জুটি ভাঙ্গে ২৩১ রানের। ১০৭ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১১৩ রানে আউট হয়েছেন ধাওয়ান।
ধাওয়ানের ফিরে যাবার কিছুক্ষন পর প্যাভিলিয়নে পথ ধরেন রাহানেও। ১৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ১০৮ বলে ১১১ রানের নান্দনিক ইনিংস সাজান রাহানে। দলীয় ২৪৭ রানে রাহানেকে হারানোর পরও ৫ উইকেটে ৩৬৩ রানের বিশাল সংগ্রহ দাড় করাতে সক্ষম হয় ভারত। কারন পরের দিকে ২০০তম ওয়ানডে খেলতে নামা সুরেশ রায়না ৫২, ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি ২২, আম্বাতি রাইডু ২৭, ঋদিমান সাহ ৮ ও অক্ষর প্যাটেল ৪ বলে ১৪ রানের ইনিংস খেলেন। ৭৮ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকার সফল বোলার ছিলেন সুরাজ রনদিব।
জয়ের জন্য ৩৬৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে বিরতি দিয়ে দিয়ে উইকেট হারাতে থাকে শ্রীলংকা। একপর্যায়ে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হার নিশ্চিত করে ফেলে সফরকারীরা। উপুল থারঙ্গা ২৮, তিলকরতেœ দিলশান ১৮, কুমার সাঙ্গাকারা ১৩, মাহেলা জয়াবর্ধনে ৪৩, সেকুজ্জি প্রসন্ন ৫ ও অধিনায়ক ম্যাথুজ ২৩ রানে ফিরেন।
এরপর পরবর্তী চার ব্যাটসম্যান দলকে খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। ফলে ৬৪ বল হাতে রেখেই ১৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। সফরকারীদের দ্রুত গুটিয়ে দিকে মূখ্য ভূমিকা রাখেন ভারতের পেসার ইশান্ত শর্মা। ৩৪ রান খচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাহানে। আহমেদাবাদে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩৬৩/৫, ৫০ ওভার (ধাওয়ান ১১৩, রাহানে ১১১, রনদিব ৩/৭৮)।
শ্রীলংকা : ১৯৪/১০, ৩৯.২ ওভার (জয়াবর্ধনে ৪৩, থিসারা পেরেরা ২৯, ইশান্ত শর্মা ৪/৩৪)।
ফল : ভারত ১৬৯ রানে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
ম্যান অব দ্য ম্যাচ : আজিঙ্কা রাহানে (ভারত)।
