স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশেই জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছিল।
সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়ও তিনি বলেন, ৩ নভেম্বরের হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। ৭৫‘ এর হত্যাকাণ্ড ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। জিয়া ও মোশতাক এ দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
