বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ২২:০৮
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের একটার পর একটা রায় হবে। বর্তমান সরকারের আমলেই সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ। আর এর মাধ্যমেই জাতি অভিশাপমুক্ত হবে। বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার সরকার পতনের হুমকির জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করেন ভাল কথা। কিন্তু সন্ত্রাস, জঙ্গীবাদ, খুনি ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ুন। কারণ এদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। সব যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা আমার অঙ্গীকার। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। দেশের এই অগ্রযাত্রা কেউ-ই রুখতে পারবে না। পাঁচ জানুয়ারির নির্বাচনে না আসায় খালেদা জিয়ার ভুলের খেসারত কেন জনগণ দিতে যাবে?
সোমবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের মন্ত্রী করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আপনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন, আমরা তাদের বিচার করছি। ‘বর্তমান সরকার অবৈধ’ মর্মে সম্প্রতি খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যখন সারাবিশ্ব বাংলাদেশের বর্তমান সরকার ও সংসদকে স্বীকৃতি দেয়, তখনও খালেদা জিয়া সবকিছুতে অবৈধ দেখেন। এটা তাঁদের মজ্জাগত অভ্যাস। অবশ্য যে দলের জন্মই অবৈধ, সে দলের নেত্রী সবকিছুতেই অবৈধ দেখবেন এটাই স্বাভাবিক। এ কারণেই উনি কথায় কথায় অবৈধ বলেন, সবকিছুতেই অবৈধ দেখেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আয়নার নিজের চেহারা দেখুন, নিজের অবৈধ চেহারাটাই বেরিয়ে আসবে। আপনার স্বামী জিয়াউর রহমান অস্ত্রহাতে হত্যা-ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। সংবিধান লংঘন করে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জেনারেল জিয়া অবৈধভাবে বিএনপির জন্ম দিয়েছিলেন।
খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ অবৈধ হলে বিশ্বের অধিকাংশ দেশের সকল স্পিকার ও সংসদ সদস্যরা ভোট দিয়ে বর্তমান সংসদেরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সিপিএ চেয়ারপারসন এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত করলেন? নির্বাচন ও সরকার অবৈধ হলে তাঁরা বাংলাদেশকে ভোট দিয়ে দুটি পদেই নির্বাচিত করবেন কেন? খালেদা জিয়াকে এর জবাব দেশবাসীকে দিতে হবে।