দ্রুত রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৮:১১
 
আইনি প্রক্রিয়া শেষ করে যতো দ্রুত সম্ভব মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল সোমবার কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ের পর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসামিপক্ষের রিভিউ আবেদন দায়ের প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইন অনুসারে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করতে পারলেও রিভিউ আমলে নেওয়া কিংবা না নেওয়া আদালতের ব্যাপার। তবে রায়ের বিরুদ্ধে কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করার দৃষ্টান্ত রয়েছে আদালতের। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামান তার বিরুদ্ধে দেওয়া আপিল বিভাগের রায়ের সাতদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষার আবেদন করতে পারবেন। রাষ্ট্রপতি এ আবেদন বিবেচনা করতেও পারেন, আবার নাও পারেন। তবে সাতদিনের মধ্যে দন্ডপ্রাপ্ত আসামি আবেদন না করলে জেল কোডের বিধি অনুসারে রায়ের ২১- ২৮ দিনের মধ্যে এ রায় কার্যকর করতে পারবে জেল কর্তৃপক্ষ।