মঙ্গলবার থেকে শুরু ইন্ডিয়া ইকোনমিক সামিট

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৮:২৩
 
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি আয়োজিত তিন দিনব্যাপী ইন্ডিয়া ইকোনমিক সামিট মঙ্গলবার থেকে নয়া দিল্লীতে শুরু হচ্ছে।
সামিটের মূল্য বিষয় হলো- অন্তর্ভূক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়ন। ‘নব যাত্রায় সরকারি-বেসরকারি সহযোগিতার পুনঃসংজ্ঞায়ন’ থিমের এ সামিটে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য দূরীকরণের টেকসই পন্থার বিষয়ে গুরুত্বারোপ করা হবে। প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে তিনটি ভিতের উপর নির্ভর করে।
বৈশ্বিক প্রতিযোগিতার উল্লম্ফন, অভ্যন্তরীন প্রক্রিয়ার নবায়ন এবং আঞ্চলিক ও সামাজিক উত্কর্ষতা বৃদ্ধি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৫টি দেশের সরকারি প্রতিনিধি, সুশীল সমাজ, বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ মিলিয়ে মোট ৭০০জন এতে অংশগ্রহণ করবেন।
ভারতের ফাইন্যান্স, কর্পোরেট অ্যাফেয়ার্স ও প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি সামিটের উদ্বোধন করবেন।
এছাড়া ভারতের সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন জয়রাম গাদকারি, বিদ্যুত, কয়লা, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী পিজুশ গয়াল, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সিতারামান অনুষ্ঠানে প্রশাসনিক দক্ষতা, অবকাঠামো, জ্বালানি ও শিক্ষা বিষয়ে আলোচনা করবেন। বিভিন্ন দেশের নেতৃবৃন্দের মধ্যে সামিটে বক্তব্য রাখবেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী ড্যানিয়েল কাবলান ডানকান, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, ইসরাইলের প্রেসিডেন্ট সিমন পেরেজ এবং ঘানার ভাইস প্রেসিডেন্ট কোয়েশি আমিশাহ আর্থারসহ আরও অনেকে।