রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী প্রজন্ম লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিতে গেলে সেখানে প্রতিপক্ষ গ্রুপের দুই নেতাকে পিটিয়ে আহত করে।
আহতরা হলেন, আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা দুর্জয় (৪০), সংগঠনের ঢাকা মহানগর (উত্তর) কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন জামাল (৩৮) ও স্বাধীন (৩৫)। অপরদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পিটুনিতে আহত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজা মাহমুদ (৩০) ও সোহেল মাহমুদ (৩৫) নামের দুই জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ঐ সংগঠনের দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। পরে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে ঐ গ্রুপের দুই নেতাকে পিটুনি দেয়। এতে দুই জন আহত হন।
