মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ মঙ্গলবার। আজকের নির্বাচনে ভোটদানের মাধ্যমে মার্কিন জনগণ প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তাদের আস্থার বহি:প্রকাশ ঘটাবেন। বিরোধী রিপাবলিকানরা এই নির্বাচনে ওবামার জনপ্রিয়তা ইস্যুকেই মানুষের সামনে তুলে ধরেছেন। রিপাবলিকানরা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে তারা মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে প্রয়োজনীয় ছয়টি আসন লাভ করতে পারবেন। আর সংখ্যাগরিষ্ঠতা থাকা প্রতিনিধি পরিষদে তাদের আসন সংখ্যা আরো বাড়ানোর আশা করছেন। রিপাবলিকানদের আশা পূরণ হলে আগামী ২০১৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ওবামার সরকার চালানোটা চ্যালেঞ্জ হয়েই দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশটির বিভিন্ন জরিপেও নির্বাচনে রিপাবলিকানদের সুবিধানজনক অবস্থানের তথ্যই পাওয়া যাচ্ছে। খবর রয়টার্স ও টেলিগ্রাফের।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ বিরোধী রিপাবলিকানদের হাতে। আর উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ওবামার দল ডেমোক্র্যাটদের হাতে। দেশটিতে পরিচালিত বিভিন্ন জরিপে পাওয়া ফলাফলে পাওয়া যাচ্ছে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকবে। প্রশ্ন দেখা দিয়েছে ওবামার দল সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কিনা। প্রতিনিধি পরিষদে বর্তমানে ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি ২১০ জন এবং রিপাবলিকানদের আসন ২৩৪টি। জনমত জরিপে দেখা গেছে, এই নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন আরও বাড়বে। আর ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যবধান যতটা কম রাখা যায় সেজন্য সর্বাত্মক প্রচার চালানো হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে মাত্র ৬টি আসনে জিততে পারলেই সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পাবেন রিপাবলিকানরা। ৩৬টি সিনেটের মধ্যে ২১টি ডেমোক্র্যাট এবং ১৫টি রিপাবলিকানদের। এবারের ফলে মেয়াদের শেষ দুটি বছর বারাক ওবামাকে শাসন পরিচালনায় আরও বেশি বৈরিতার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। পিউ সেন্টারের সামপ্রতিক জরিপে দেখা গেছে, রক্ষণশীলদের ৬১শতাংশই ওবামা বিরোধিতার জন্য প্রার্থীদের ভোট প্রদান করবেন।
