ব্রিটিশ পপ গায়িকা কেটি মেলুয়ার ভক্তের অভাব নেই। কিন্তু তার গানের ভক্ত তালিকায় এবার যোগ হয়েছে একটি নতুন নাম। তার নাম মাকড়শা! স্টেজে গিয়ে গান শোনার সুযোগ হয় না, তাই হয়তো মাকড়শাটি ফ্ল্যাট নিয়েছে তার কানের মধ্যে! কেটি জানান, গত এক সপ্তাহ ধরে কানে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন ঝিঁঝিঁপোকা ডাকছে। হঠাত্ হঠাত্ কান বন্ধ হয়ে যাচ্ছিল। প্রথমে ভেবেছিলেন হয়তো ঠান্ডা লেগেছে। কিন্তু এক সপ্তাহ একই সমস্যা হওয়ার পর ডাক্তারের কাছে যান। তার কান পরীক্ষা করতে গিয়ে তো ডাক্তারের চক্ষু চড়কগাছ! কানের মধ্যে বেশ বড়সড় এক মাকড়শা দিব্যি বাড়িঘর তৈরী করে অবস্থান করছে! তবে সৌভাগ্যের বিষয়, এতে কানের তেমন ক্ষতি হয়নি। অনেক চেষ্টা করে মাকড়শাটিকে বের করে আনা হয়। তবে কেটি মাকড়শাটির প্রতি নির্দয় হননি। তিনি তাকে তার বাগানে ছেড়ে দিয়েছেন। খবরটি গণমাধ্যমের কাছে জানাজানি হলে সাংবাদিকদের তিনি হাসতে হাসতে বলেন, আশা করি কানের ভেতর থেকে বের করে দেয়ায় বেচারা কিছু মনে করেনি। বাগানে ছেড়ে দিয়েছি, ওখানে ওর থাকার জায়গার অভাব হবে না। -রয়টার্স
